ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে গার্মেন্টস শ্রমিক রতন মিয়া (৩০) ও তার মেয়ে নুরিয়া আক্তারের (৭) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার, ১২ নভেম্বর ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, ভোর চারটার দিকে খবর পেয়ে সাড়ে চারটার দিকে রতন মিয়ার ঘরে প্রবেশ করে পুলিশ। এসময় খাটের ওপর গলাকাটা অবস্থায় রতনের ও মেঝেতে তার মেয়ে নুরিয়ার মরদেহ পড়ে ছিল। পাশে একটি চাকু পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘এ সময় নিহত রতনের স্ত্রী জুলেখা খাতুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার গলাও কাটা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ‘এটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধে মারামারির একপর্যায়ে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছেন- তার তদন্ত চলছে। পুলিশের একাধিক দল ঘটনা অনুসন্ধানে কাজ করছে।’
পতাকানিউজ/এমওয়াই

