বান্দরবানের আলীকদম উপজেলাতে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন কানামাঝি ঘাট এলাকায় তার নিজ বাড়িতে।
নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ সন্দেহজনক হিসেবে দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।
নিহতের ছেলে নুরুল আমিন বলেন, ‘আমার মায়ের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। এই বয়সে তাকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি চাই, ঘটনার সুষ্ঠু বিচার হোক।’
স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির ভেতরে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ বলেন, ‘রাত ৯টার দিকে ৯৯৯-এ কল আসে যে শিবাতলী এলাকায় এক বৃদ্ধার গলাকাটা লাশ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সন্দেহজনক দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।’
এ ঘটনায় স্থানীয় এবং পুলিশ উভয় পক্ষই তদন্তে যুক্ত আছেন এবং দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে, কে বা কারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
-পতাকানিউজ/এমজেসি

