দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ বন্দি নিহত হয়েছেন। কর্তৃপক্ষের দাবি, নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্দরনগরী মাচালায় (গুয়াইয়াকিলের দক্ষিণে) অবস্থিত একটি কারাগারে রোববার দাঙ্গার ঘটনা ঘটে। সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইকুয়েডরের কারা সংস্থা এসএনএআই জানিয়েছে, নিহত ২৭ জন বন্দি “শ্বাসরোধে ও ফাঁসিতে ঝুলে সঙ্গে সঙ্গে মারা গেছেন।” তবে দাঙ্গার সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এর আগে রোববার সকালে একই কারাগারে আরেক দফা দাঙ্গায় চার বন্দি নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পুলিশ ইউনিটকে হস্তক্ষেপ করতে হয়। সংস্থাটি জানিয়েছে, বন্দিদের নতুন নিরাপত্তা ইউনিটে স্থানান্তর ও পুনর্গঠনের প্রক্রিয়া থেকেই এ দাঙ্গার সূত্রপাত হয়।
গত কয়েক বছরে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে বারবার রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা ঘটছে। এসব সংঘর্ষে শত শত বন্দি প্রাণ হারিয়েছেন।
প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সম্প্রতি অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিলেও সরকার বলছে, এসব সহিংসতার মূল কারণ প্রতিদ্বন্দ্বী অপরাধচক্রগুলোর মধ্যে ক্ষমতা ও এলাকা দখলের লড়াই।
চলতি বছরের সেপ্টেম্বরে একই কারাগারে গ্যাংগুলোর সংঘর্ষে ১৪ বন্দি নিহত ও আরও ১৪ জন আহত হয়েছিলেন। কয়েক দিন পর দেশটির উত্তরাঞ্চলের শহর এসমেরালদাসের একটি কারাগারে আরেক দফা দাঙ্গায় ১৭ জন নিহত হন।
পতাকানিউজ/এআই

