পুরান ঢাকার শ্যামবাজারে আব্দুর রহমান ভূইয়া (৫৫) নামে এক মশলা ব্যবসায়ীকে দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার আসামি এনামুল হাসান নয়নকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ নির্দেশ দেন।
আজ, বিকেলে দুদিনের রিমান্ড শেষে নয়নকে আদালতে হাজির করে সুত্রাপুর থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে আইনজীবী ইকবাল হোসেন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই সোহানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গত রবিবার, ১৪ ডিসেম্বর তাকে দুদিনের রিমান্ডে দেয়া হয়। এর আগে কদমতলী থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নয়নকে কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেয়া হয়।
গত ১১ ডিসেম্বর দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে শ্যামবাজার কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি আব্দুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৩ ডিসেম্বর আব্দুর রহমানের ছেলে শাকিল আহমেদ বাদী হয়ে সুত্রাপুর থানায় মামলা করেন।
সোমবার, ১৫ ডিসেম্বর অয়ন গাঙ্গুলী পলাশ নামের এক আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে আব্দুর রহমানকে হত্যার দায় স্বীকার করেন।
পতাকানিউ/এএ/আরবি

