হংকংকে হারিয়ে এশিয়া কাপের সূচনায় ভালোই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কা থেকে হারের স্বাদ নিতে হয় টাইগারদের। কিন্তু এই হারই যেন তাদের শক্তি জোগায় পরবর্তী লড়াইয়ের জন্য।
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে ফিরে আসে টাইগাররা। জয়ের আনন্দ, ব্যাটসম্যানের দৃঢ়তা, প্রতিটি বলেই যেন ফুটছে দেশপ্রেম। তবুও, সুপার ফোরে বাংলাদেশ নিশ্চিত হয়নি। ভাগ্য ঝুলে যায় শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। একদিকে উত্তেজনা, অন্যদিকে বিষাদের অপেক্ষা—টাইগারদের ভক্তরা এখন উন্মুখ।
খেলোয়াড়রা জানে, প্রতিটি বল, প্রতিটি রান গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের মঞ্চে আবেগ, সাহস আর একতার প্রতিচ্ছবি হয়ে যাওয়া টাইগারদের চোখ এখন নিবিষ্ট শ্রীলঙ্কা-আফগান ম্যাচের দিকে। সেই ম্যাচের ভাগ্যের সঙ্গে টাইগারদের পেন্ডুলাম ঝুলছে অনিশ্চয়তার দোলাচলে।
গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই লঙ্কানদেরই সমর্থন করার কথা টাইগারদের। তবে দুই দলের কাউকেউ সমর্থন দিচ্ছে না বাংলাদেশ। টাইগাররা চেয়ে আছে ভাগ্যের ওপর।
এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। যদিও এখন তা ঝুলে গেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের ওপর। শ্রীলঙ্কা জিতলে সরাসরি পরের রাউন্ডে জায়গা পাবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতলে অনেক যদি কিন্তুর দিকে তাকিয়ে থাকবে হবে টাইগারদের।

