বাজারে সংকটের মাঝেও ভারতে ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। প্রতিকেজি ১২ দশমিক ৫ ডলার দরে ১২০০ কেজির প্রথম চালান ইতিমধ্যে ভারতে পৌঁছেছে।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশবোঝাই দুটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।
জানা গেছে, যশোরের বেনাপোলের রপ্তানিকারক প্রতিষ্ঠান মোহাতাব অ্যান্ড সন্স প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে এসব মাছ রপ্তানি করে। ক্রেতা প্রতিষ্ঠান ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস।
রপ্তানির কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করেছে আখাউড়ার সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফারুক মিয়া জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে তিন প্রতিষ্ঠানের মাধ্যমে ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া গেছে। তবে বাজারে ইলিশের সংকট থাকায় অনুমোদিত পুরো পরিমাণ রপ্তানি সম্ভব নাও হতে পারে।
প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে সীমিত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত এই রপ্তানি চলবে।
পতাকানিউজ/এআই

