আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের বিপরীতে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। সোমবার, ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি। এরপর রয়েছে কুমিল্লা অঞ্চল। সেখানে ৩৫টি আসনের বিপরীতে জমা পড়েছে ৩৬৫টি মনোনয়নপত্র। পরবর্তীতে সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ২৯ ডিসেম্বর, রাতে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়ে কমিশনের কাছে কোনো নির্দেশনা নেই, এমন কোনো পরিকল্পনাও করা হয়নি।’
ইসির তথ্য মতে, ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলে ২৩টি আসনের বিপরীতে ১৯৪টি, কুমিল্লা অঞ্চলে ৩৫টি আসনের বিপরীতে ৩৬৫টি, রাজশাহী অঞ্চলে ৩৯টি আসনের বিপরীতে ২৬০টি, খুলনা অঞ্চলে ৩৬টি আসনের বিপরীতে ২৭৬টি, বরিশাল অঞ্চলে ২১টি আসনের বিপরীতে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি আসনের বিপরীতে ৩১১টি, সিলেট অঞ্চলে ১৯টি আসনের বিপরীতে ১৪৬টি, রংপুর অঞ্চলে ৩৩টি আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। পরদিন ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই–বাছাই করা হবে।
রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন ১১ জানুয়ারি। আর আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে।
নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার শেষ হবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। এরপর ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পতাকানিউজ/আরবি

