ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার, ৪ ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের দাইয়াবিবি বাজার সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ফেনী-২ আসনের মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়টি উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। রাতের কোন এক সময়ে কার্যালয়ে রাখা চেয়ার টেবিল তছনছ করে দুর্বৃত্তরা। সকাল বেলা প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে অফিসের অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে।
স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী জানান, বুধবারে অফিসটি উদ্বোধন শেষে রাতে আমরা যার যার মত বাসায় ফিরি। সকাল বেলা শুনতে পাই অফিসটি ভাঙচুর করা হয়েছে। এটি নির্বাচন বানচালকারীদের ষড়যন্ত্রের একটা অংশ বলে আমি মনে করি।
ঈগল প্রার্থীর কর্মী আতাউল করিম সজীব বলেন, ‘মুজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ বিভিন্ন স্থানে আমাদের কার্যক্রমে বাধা দিয়ে আসছে। নির্বাচনী অফিস ভাঙচুর চরম অন্যায়। আমরা এর প্রতিবাদ জানাই এবং দোষীদের গ্রেপ্তার দাবি করছি।’
ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক বলেন, ‘আমাদের কার্যালয়ে ভাঙচুরের বিষয়ের টার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেব। এসব সন্ত্রাসী কার্যক্রম স্থানীয়জনতাকে সঙ্গে নিয়ে রুখে দেয়া হবে।’
এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ‘ইজ্জতপুরে ঈগল প্রতীক প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর শুনেছি। এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/এএএম/আরবি

