চট্টগ্রাম নগরীতে চাঁদাবাজির প্রতিবাদ ও বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। এসময় তারা রাস্তায় মাছ, বরফ ও সিলিন্ডার রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড।
বুধবার, ২৪ জুন সকালে নগরীর কাট্টলী এলাকার রাণী রাসমনি ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কয়েকশ জেলে ও মাছ ব্যবসায়ীরা অংশ নেন। একপর্যায়ে তারা সড়কের ওপর মাছ ও বরফ ছিটাতে শুরু করেন। এছাড়া সড়কের ওপর গ্যাস সিলিন্ডারও ফেলে রাখেন।
মানবন্ধনে জানানো হয়, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি।
বিক্ষুব্ধ জেলেরা বলেন, সাগর থেকে মাছ ধরে ঘাটে আনলে, নৌকা ভিড়লে, জাল কিনলে, রশি, বরফ, গ্যাস সিলিন্ডারের জন্য চাঁদা নেয়া হচ্ছে। এছাড়া সাগরপাড়ে অবস্থিত বিভিন্ন দোকান থেকেও নিয়মিত চাঁদার টাকা তোলা হয় বলে জানান তারা।
বক্তারা বলেন, দেশের মৎস্য খাতের গুরুত্বপূর্ণ একটি ঘাট হওয়া সত্ত্বেও এখানে কর্মরত জেলেরা নানা ধরনের হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অবিলম্বে চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
পতাকানিউজ/আরবি

