জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করছেন, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নিমূর্ল করব এবং অবৈধ কর্মকাণ্ডের এ আস্তানা ভেঙেচুরে গুড়িয়ে দেব।
মঙ্গলবার, ২০ জানুয়ারি দুপুরে নিহত র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের নামাজে জানাজ শেষে নগরীর পতেঙ্গায় র্যাবের চট্টগ্রাম অঞ্চলের সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ‘সুবেদার মোতালেব শহীদ হলেন। এর জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদের বিচার কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে।’
র্যাব মহাপরিচালক বলেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। এ বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাব পুরো জিনিস মনিটর করব এবং এর পেছনে লেগে থাকবে।’
মোতালেবের মৃত্যু তার পরিবারের অপূরণীয় ক্ষতি উল্লেখ করে একেএম শহিদুর রহমান বলেন, ‘আমরা হয়ত তাকে এনে দিতে পারব না। তবে আমরা নিশ্চিত করতে চাই এ পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং এ পরিবারের সঙ্গে আমরা থাকব। যাতে পিতার অবর্তমানে যে কষ্ট সেটা তারা মোকাবেলা না করে।’
ভবিষ্যতে র্যাবের কার্যক্রমে সহযোগিতা চেয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, এ দেশের জনগণ এবং সাংবাদিকরা, আমাদের কার্যক্রমে সবসময় আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে আশা করি এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এ দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত থাকব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা সর্বশক্তি দিয়ে সেই কাজ করে যাব।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এবার চেষ্টা করব আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষার যতগুলো বাহিনী আছে সেনাবাহিনীসহ সবাই মিলে এবং আমরা জেলা প্রশাসনের সাথে অলরেডি যোগাযোগ করেছি। এখানে যে অভয়াশ্রম তৈরি হয়েছে সন্ত্রাসীদের এই জায়গাগুলো যদি সরকারি হয়, সরকার যেন তার এ জায়গা উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করে এবং সেখানে যত সময় লাগে, যতদিন লাগে সন্ত্রাসীদের সেই অভয়াশ্রম আমরা নিমূর্ল করব। কারণ তারা কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়। এতদিন হয়ত এটা করা হয় নাই, এবার ইনশাল্লাহ সন্ত্রাসীদের অভয়াশ্রম নির্মূল করব।’
প্রসঙ্গত, সোমবার, ২০ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত হন। এ ঘটনায় আরও তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
র্যাব সদস্যদের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা রঙের একটি মাইক্রোবাসে কালো জ্যাকেট পরা র্যাব সদস্যরা অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে কয়েকশ মানুষ জড়ো হয়। এরপর সংঘবদ্ধভাবে র্যাব সদস্যদের ওপর হামলা এবং মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
পতাকানিউজ/আরবি

