কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখলকে কেন্দ্র করে মনজুর আলম প্রকাশ কালু (৫০) নামে এক ঘের মালিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, সশস্ত্র সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার বড় ডুমখালী ঘোনা নামক চিংড়িঘের সংলগ্ন খাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত মনজুর আলম ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মৃত জাফর আলমের ছেলে।
পরিবারের অভিযোগ, রাত আড়াইটার দিকে আলোচিত ডাকাত-সন্ত্রাসী রমজান আলীর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি ঘেরে হানা দেয়। তারা ঘের মালিক মনজুর আলমকে ধরে পাশের খালে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে পানিতে চুবিয়ে হত্যা করে।
নিহতের ভাই জামাল হোসাইন জানান, বড় ডুমখালী এলাকায় তাদের চার একর জমির একটি চিংড়িঘের রয়েছে। এটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি ঘের থেকে চিংড়ি ও অন্যান্য মাছ লুটের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তদের মধ্যে একজনের স্বজন আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত থাকায় তার পরোক্ষ ইন্ধনে সন্ত্রাসীরা নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-পতাকানিউজ/এমজেসি

