পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে গুলি করা সেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন- স্যুটার রুবেল ও ইব্রাহিম।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে পুরান ঢাকার সূত্রাপুরে আদালতের সামনে মামুনকে গুলি করে হত্যা করা হয়। হত্যার ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
পুলিশ জানায়, নিহত মামুন ছিলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘ইমন-মামুন’ গ্রুপের অন্যতম সদস্য। একসময় তিনি সানজিদুল ইসলাম ইমনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু হয়। পুলিশের দাবি, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পতাকানিউজ/এআই

