সাধারণ জনগণের দুর্ভোগ ও নাভিশ্বাসের কথা চিন্তা করে ভাড়া নির্ধারণে দেশের সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বিকেলে তাৎক্ষনিক প্রতিক্রয়ায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানান। এছাড়া গৃহীত ভাড়া কার্যকর করতে সরকারের স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
এস এম নাজের হোসাইন বলেন, গত ১৯ এপ্রিল বিআরটিএ অফিসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া নির্ধারণ কমিটির জরুরি সভায় ভাড়া পুনঃনির্ধারণের জন্য বাস মালিক ও শ্রমিকরা নানা খাতের ব্যয় বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া বাড়ানোর দাবি করেন।
‘পরবর্তীতে ২৩ এপ্রিল সচিবালয়ে এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিক শ্রমিকদের এ সমস্ত অযৌক্তিক দাবির প্রতি নতি স্বীকার না করে ভাড়া নির্ধারণে দেশের সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি অনুমোদন করা হয়েছে।’
তিনি বলেন, ‘ইতিপূর্বে এ ধরনের ভাড়া নির্ধারণ করা হলেও মালিক-শ্রমিকরা তা তোয়াক্কা না করে তাদের ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। বিআরটিএ, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন সেখানে নীরব দর্শকের ভুমিকায় অবর্তীন ছিলেন।’ তাই ভাড়া আদায় কার্যকর ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে মনিটরিং কমিটি গঠনের দাবি জানান।
তিনি আরও বলেন, ‘একইসঙ্গে ভাড়ার তালিকা প্রস্তুতের আগে অহেতুক গণপরিবহণে বাড়তি ভাড়া আদায় শুরু করে দিয়েছে। এসমস্ত রুটে বর্তমানে নির্ধারিত হারে ভাড়া আদায় হচ্ছে কিনা তা বিশেষ নজরদারি দরকার। নতুন ভাড়ার তালিকা তৈরিতে কোন ধরনের জালিয়াতি, বিভিন্ন রুটে কিলোমিটার বেশি দেখানো, গুরুত্বপূর্ণ উঠানামা পয়েন্টে স্টপেজ না দেখিয়ে সর্বশেষ গন্তব্যের ভাড়া আদায়ের নামে বাড়তি ভাড়া আদায়ের অপকৌশল কঠোরভাবে বন্ধের দাবি জানানো হয়।’
এছাড়া ডিজেল চালিত গণপরিবহনের পাশাপাশি সিএনজিচালিত বাসেও ডিজেল চালিত বাসের হারে বর্ধিত ভাড়া আদায় হচ্ছে কিনা তাও কঠোর ভাবে নজরদারির আওতায় আনার দাবি জানান তিনি।
পতাকানিউজ/আরবি

