সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। সোমবার, ২ মার্চ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন ব্যক্তিগত বা দাপ্তরিক কর্মসূচিতে (যেমন— সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা ব্যাংক-হাসপাতালে গমন ইত্যাদি) অংশ নেয়ার কারণে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। ফলে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক গতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ে।
এ পরিস্থিতি এড়াতেই নতুন সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এ ৪০ মিনিট সময় যেন বিঘ্নিত না হয়, সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও জেলখানার মতো জরুরি সেবায় রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। এছাড়া ভিভিআইপি প্রটোকল বা আকস্মিক বড় কোনো দুর্ঘটনা মোকাবেলার মতো জরুরি প্রয়োজনে এ নিয়ম শিথিলযোগ্য হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে যে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা দাপ্তরিক কাজ ছাড়া কোনো অবস্থাতেই অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করা যাবে না।
প্রসঙ্গত, এর আগে ২০২১ ও ২০১৯ সালেও এ বিষয়ে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
পতাকানিউজ/আরবি

