লাখাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া চৌধুরী রতন।
রবিবার, ২৯ মার্চ কদমতলী এলাকা থেকে একটি টমটমে (ইজিবাইক) চাল হবিগঞ্জ শহরে নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ ইসলাম ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
আটক জাকারিয়া চৌধুরী রতন মৃত কছির মিয়ার ছেলে। তিনি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নিয়োজিত ডিলার। আগামী নির্বাচনে করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তিনি। ইতিমধ্যে এলাকায় লাগানো হয়েছে পোস্টার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে চাল বিতরণে নানা অনিয়ম ও আত্নসাতের অভিযোগ উঠে। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর তাকে সরকারি চালসহ হাতেনাতে আটক করে সেনাবাহিনী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বলেন, ‘চালসহ রতনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অন্য কোথাও চাল মজুদ করেছেন কিনা সে বিষয়েও তদন্ত চলছে। প্রাথমিকভাবে তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করা হবে।
পতাকানিউজ/এসসি/আরবি

