সরকারি কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের দৈনিক ভাতা বাড়িয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অধীনস্থ সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এই নতুন ভাতা প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নবম গ্রেড ও তার ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালে প্রতিদিন ৮০০ টাকা এবং মাঠ সংযুক্ত প্রশিক্ষণে ১ হাজার টাকা ভাতা পাবেন। আর দশম গ্রেড ও নিচের পর্যায়ের কর্মচারীরা কেন্দ্রীয় প্রশিক্ষণে প্রতিদিন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্ত অবস্থায় ৭০০ টাকা ভাতা পাবেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, এই খাতে অতিরিক্ত কোনো বরাদ্দ চাওয়া যাবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে তাদের নিজস্ব বাজেট থেকে ব্যয় মেটাতে হবে। এ ছাড়া আর্থিক অনিয়মের দায় বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও উল্লেখ করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি হওয়া এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।
পতাকানিউজ/এনটি

