দেশে ডিজেলের দাম বৃদ্ধি করেছে সরকার। এ অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
বুধবার, ২২ এপ্রিল সমিতির মহাসচিব মো. সাইফুল আলমের সই করা এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এ নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহণ পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী।
এমন পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি।
নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।
অবশ্য, সরকার গত ১ ফেব্রুয়ারি তেলের দাম নির্ধারণ করেছিল। তখন দাম বাড়ানো হয়নি। এখন সমন্বয় করে বাড়াতে হয়েছে। কারণ, সরকার বিপুল পরিমাণ টাকা ভূর্তকি দিচ্ছে তেলে। ফলে সরকারের কোষাগারে টান পড়ছিল।
পতাকানিউজ/আরবি

