ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ আলেক্সান্দ্রু হুদিস্তেনু মনে করেন, হরমুজ প্রণালি বর্তমানে বিপদের প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই পক্ষের কঠোর বক্তব্য পরিস্থিতি শান্ত করার পরিবর্তে উত্তেজনা বাড়াচ্ছে।
হুদিস্তেনুর ভাষ্য অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, সম্প্রতি যেসব বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে, সেগুলো অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করছিল। এ ধরনের জাহাজ চলাচল অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

ইরানের হুমকির আওতায় মার্কিন সামরিক স্থাপনার পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাও থাকতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও কৌশলগত বার্তার মাধ্যমে ইরানকে সতর্ক করছে।
হুদিস্তেনু বলেন, হরমুজ প্রণালি যতটা বিপজ্জনক হতে পারে, পরিস্থিতি এখন প্রায় সেই পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষের বক্তব্য উত্তেজনা কমাতে সহায়তা করছে না।
এদিকে, কূটনৈতিক আলোচনায় অগ্রগতিও কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞটির মতে, দুই পক্ষের মধ্যে মৌলিক অনেক বিষয়েই মতপার্থক্য থাকায় আলোচনা এগিয়ে নেওয়া বেশ জটিল হয়ে উঠেছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা সতর্কতায়ও প্রণালিটি ও আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা

