নোয়াখালীর চাটখিলে প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই নিজেকে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার, ২ নভেম্বর বিকেলে চাটখিল পৌরসভার পাল্লা রোড এলাকায় অবস্থিত ‘সিজনস্ ডেন্টাল ক্লিনিকে’ অভিযান চালান চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় রিপন সরকার নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রিপন সরকার পূর্বে এক দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। পরে নিজেই চেম্বার খুলে ‘ডেন্টিস্ট’ পরিচয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। অভিযানের সময় তিনি আদালতের কাছে ভবিষ্যতে আর দন্ত চিকিৎসা না করার অঙ্গীকারনামা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, ‘চাটখিলে আরও অনেক ভুয়া দন্ত চিকিৎসক আছে, যারা প্রতিদিন লাখ টাকা আয় করছে প্রতারণা করে। বড়দের না ধরে ছোটদের ধরলে লাভ কী! আগে মূল হোতাদের ধরলে বাকিরা নিজেরাই ভয়ে থেমে যেত।’
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম চালালে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
পতাকানিউজ/এইচএএ/এএইচ

