রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশিকুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার, ৩ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর শালপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান ওই এলাকার আজাদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ১২ মার্চ পীরগঞ্জের স্থানীয় সাংবাদিক আব্দুর রহিম (দৈনিক দেশ রূপান্তর), রতন মিয়া (দৈনিক গণকণ্ঠ) এবং আশিকুর রহমান (একাত্তর টেলিভিশন) স্থানীয় টিটিসিতে বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ করতে যান। অধ্যক্ষকে না পেয়ে ফেরার সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল একটি মাইক্রোবাস ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন তারা। এ সময় বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান ও সোহাগের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক ওই সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এতে তিন সাংবাদিকই গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাংবাদিক রতন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামি আশিকুর রহমানকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
পীরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে আশিকুর রহমানের ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সোমবার, ৩ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পতাকানিউজ/এসআই/এমওয়াই

