রাজনৈতিক বিভাজন ও পেশাগত সংগঠনের ভেতর বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের প্রভাববলয়ের মধ্যে চলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, এই অবস্থাই গণমাধ্যমের স্বাধীনতাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে। বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ আছে। আপনারা নিজেরাই আজ দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু সমস্যা।’
তিনি আরও বলেন, রাজনৈতিক চাপমুক্ত একটি স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে বিএনপি আগেই প্রতিশ্রুতি দিয়েছে। তাঁর ভাষায়, ‘আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সেজন্য আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম। আমরা আশা করি, আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই, তাহলে নিঃসন্দেহে এ বিষয়টি অগ্রাধিকার দেব।’
পতাকানিউজ/এনটি

