দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও তাদের সন্তানের নামের বিভিন্ন ব্যাংকের ২২টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
২২ টি হিসেবে ৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।
দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে তাদের ২২টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাদের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
তাদের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
-পতাকানিউজ/এএ

