বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কক্সবাজারের কুতুবদিয়ার শাহাদত হোছাইন নামের এক জেলে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। গুলির ঘটনা ঘটে গত বুধবার দুপুরে। ওই সময় কুতুবদিয়ার পশ্চিমে সাগরে মাছ ধরতে গেলে ডাকাতদের হামলার শিকার হয় জেলেরা। নিহত শাহাদত উত্তর ধুরুং মনছুর আলী হাজির পাড়ার মৃত মো. বাদশার ছেলে।
ফিশিং বোট মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসীম উদ্দিনের মালিকানাধীন ফিশিং বোট ২০ জন মাঝি মাল্লাসহ সাগরে মাছ ধরতে গেলে বুধবার ২টার দিকে ডাকাতের হামলার শিকার হয়। এসময় ডাকাতের দল বোটে উঠতে না পেরে গুলি ছোঁড়ে। গুলিতে শাহাদত (১৭) মারাত্বক আহত হলে রাত সাড়ে ১১টার দিকে উপকূলে বোট ফেরত এসে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয় আহতকে। এসময় হাসপাতালের ডা. তাসনিমুল আবেদীন রাহাত শাহাদতকে মৃত বলে জানান।
কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল আলম বলেন, সাগরে ডাকাতের গুলিতে নিহত শাহাদত হোসেনের মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
-পতাকানিউজ/এনএ

