বান্দরবান শহরের সাঙ্গু নদে ডুবে যাওয়ার প্রায় ১৬ ঘণ্টা পরও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। শনিবার, ২০ জুন সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখে ডুবুরি দল।
নিখোঁজ শিশুর নাম মো. আরেফিন। ১১ বছর বয়সী শিশুটি বান্দরবান শহরের বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক এনামলি হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার, ১৯ জুন সন্ধ্যা ৬টায় বন্ধুদের সঙ্গে নদের চরে ফুটবল খেলা শেষে হাত-মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত নদে পড়ে যায় আরেফিন। এরপর থেকেই সে নিখোঁজ।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয়রাও তল্লাশি কার্যক্রমে অংশ নেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, নদে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এ কারণে চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল আনা হয়েছে।
পতাকানিউজ/আরআর/আরবি

