দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পাহাড়ি জেলা বান্দরবান। এর মধ্যে সাজেকে বেড়াতে যাওয়া অনেক পর্যটকও এখন ঘুরতে এসেছেন বান্দরবানে। ফলে পর্যটকদের বাড়তি চাপে শহরের হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে খালি নেই কোনো কক্ষ। আগাম বুকিং না দিয়ে বেড়াতে এসে আবাসন সংকটে পড়ছেন অনেক পর্যটক। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থায় রাত কাটাচ্ছেন।
সাজেকে বেড়াতে যাওয়া ঢাকার পর্যটক দম্পতি আবুল মনসুর ও সুমাইয়া রহমান তাদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এনে চলে এসেছেন বান্দরবানে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সেখানকার পরিস্থিতির অবনতি হওয়ায় আটকা পড়ার আশঙ্কায় সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক ছাড়েন তারা। পরে বান্দরবানে এসে স্বস্তি ফিরে পান এই দম্পতি। বর্তমানে শহরের কাছের পর্যটনকেন্দ্র নীলাচলে ঘুরে বেড়াচ্ছেন তারা।

এই দম্পতি জানান, বুধবার ঢাকা থেকে সাজেকে বেড়াতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানকার পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবারই সাজেক ছেড়ে বান্দরবানে চলে আসেন। এখানে এসে শান্তিপূর্ণ পরিবেশে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন তারা।
শুধু এই দম্পতিই নন, সাজেক থেকে ফিরে আসা অনেক পর্যটক এখন বান্দরবানে অবস্থান করছেন। ফলে আগে থেকেই পর্যটকদের চাপে থাকা জেলায় বেড়েছে ভিড়। শহরের পাশাপাশি বিভিন্ন পর্যটনকেন্দ্রেও দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবারের ছুটিতে রেকর্ডসংখ্যক পর্যটক বান্দরবানে এসেছেন। একদিকে দুর্গাপূজার টানা ছুটি, অন্যদিকে সাজেক থেকে আসা পর্যটকদের বাড়তি চাপ—সব মিলিয়ে আবাসন ব্যবস্থাপনায় তৈরি হয়েছে সংকট।
বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম জানান, শহর ও আশপাশের প্রায় শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে কোনো কক্ষ খালি নেই। অনেক পর্যটক আগাম বুকিং ছাড়াই বান্দরবানে চলে এসেছেন। এর মধ্যে সাজেক থেকে আসা পর্যটকদের কারণে চাপ আরও বেড়েছে।
তিনি জানান, পর্যটকদের এই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। যারা হোটেল বা রিসোর্টে কক্ষ পাচ্ছেন না, তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করার বিষয়টি ভাবা হচ্ছে।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এস এম হাসান জানান, বেড়াতে আসা পর্যটকরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বান্দরবান শহরে দেখা হয় চট্টগ্রাম থেকে আসা পর্যটক আব্দুর রহিমের সঙ্গে। তিনি জানান, তাদের পরিকল্পনা ছিল কক্সবাজারে যাওয়ার। তবে বান্দরবান ঘুরে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু শহরের কোনো হোটেল-মোটেলেই কক্ষ পাননি। পরে পরিচিত একজনের মাধ্যমে একটি পাহাড়ি বাড়িতে রাত কাটানোর ব্যবস্থা করেন।
এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও কয়েকজন পর্যটক। তাদের ভাষ্য, আগে থেকে হোটেল বুকিং না করায় আবাসন পেতে সমস্যায় পড়তে হয়েছে। কক্সবাজার ও বান্দরবান কাছাকাছি হওয়ায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনায় এই দুই জেলাকে রাখছেন।
এরই মধ্যে আগামী ২৬ অক্টোবর থেকে বান্দরবানে শুরু হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রথযাত্রা উৎসব। এই উৎসব দেখতে দেশের বিভিন্ন স্থান থেকেও পর্যটকরা আসছেন।
দুর্গাপূজার দীর্ঘ ছুটি, বিভিন্ন এলাকা থেকে পর্যটকদের আগমন এবং প্রবারণা পূর্ণিমার উৎসব—সব মিলিয়ে বান্দরবানে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ ছাড়া বান্দরবানের লামার মিরিঞ্জা ও আলীকদমের বিভিন্ন আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ঘুরে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। তবে পর্যটকদের বাড়তি চাপের কারণে আবাসন সংকট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়ছেন অনেকেই।

