সাপ্তাহিক ছুটির দিনে সাতসকালে রাজধানীর উত্তরার একটি সাততলা ভবনে আগুন লাগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মৃত্যু বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুরুতে ৩ জনের মৃত্যু এবং ১৩ জন আহত হওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ।
শুক্রবার, ১৬ জানুয়ারি সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস জানায়, আজ সকালে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ‘ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে ওই তিনজনের মৃত্যু হয়েছে প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দুই তলায় লেগে তা তিন তলা পর্যন্ত চলে যায়। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। নিহত ৬ জনের মধ্যে তিনজন এক পরিবারের।
পতাকানিউজ/আরবি

