গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের পেছনে একটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার, ২ জানুয়ারি ভোর ৬টায় গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের গড়েয়াব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গড়েয়াব্রিজ এলাকায় পৌছলে বেপরোয়া গতির কাজী লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসের বামপাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এদিকে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও স্থানীয় ফেয়ারসার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
পলাশবাড়ী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফাতেমা বেগম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে আছে। তারা ফিরে আসলে হতাহতদের পরিচয় জানা যাবে।’
পতাকানিউজ/আরবি

