ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর টিকিটের মূল্য চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একই দিনে দুটি ম্যাচই দেখতে পারবেন দর্শকরা। আগামী ২৯ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমন্বয় সভা করেন সাফের কর্মকর্তারা। সভায় মাঠের অবস্থা, নিরাপত্তাব্যবস্থা, টিকিট ব্যবস্থাপনা এবং দর্শকদের প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল বলেন, দর্শকদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বৈঠকের মূল লক্ষ্য। মাঠের কন্ডিশন থেকে শুরু করে ইনার গেট, আউটার গেট ও ভিআইপি গেটের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।
সাফের এবারের আসরে গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর করপোরেট বক্সের টিকিটের মূল্য সর্বোচ্চ ১০ হাজার টাকা। টিকিটের দাম নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও দর্শকপূর্ণ গ্যালারি প্রত্যাশা করছে সাফ।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, টিকিটের মূল্য নির্ধারণ সাফের সিদ্ধান্ত। তিনি বলেন, দুটি ম্যাচ দেখার জন্য টিকিটের মূল্য ১ হাজার টাকা। দর্শকদের জন্য এটি কিছুটা চাপের হতে পারে। তবে টিকিটের বিষয়টি সাফের ওপর নির্ভর করছে। এবার সাফই টুর্নামেন্টটি পরিচালনা করছে, আর বাফুফে সহযোগিতা করছে।
ভারতের দল নিয়ে আলোচনা
সাফের এবারের আসরে ভারতের অংশগ্রহণ নিয়েও আলোচনা রয়েছে। গুঞ্জন আছে, নয়বারের শিরোপাজয়ী ভারত দ্বিতীয় সারির দল পাঠাতে পারে। একই সময়ে ভারতের মূল দলের নিউজিল্যান্ড সফরে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে।
তবে সাফের দাবি, ভারত যে দলই পাঠাক, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সেটিকে তাদের প্রথম দল হিসেবেই বিবেচনা করা হবে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বাংলাদেশে আসবে। এটি টায়ার-ওয়ান প্রতিযোগিতা হওয়ায় ভারতের পাঠানো দলকেই তাদের প্রথম দল হিসেবে গণ্য করা হবে।
সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ব্যবহারের পরিকল্পনা
টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার বাইরের নিরপেক্ষ রেফারিদের দিয়ে ম্যাচ পরিচালনার পরিকল্পনা করেছে সাফ। প্রতিযোগিতায় নিরপেক্ষতা নিশ্চিত করতে কোনো দক্ষিণ এশীয় রেফারি রাখা হচ্ছে না।
এ ছাড়া দুটি সেমিফাইনাল ও ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সাফ।

