আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তিনি রোববার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ব্যারিস্টার মাহবুব।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। এরমধ্যে শারীরিক অবস্থার অবনিত হলে তাকে শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন।
সাবেক এই মন্ত্রী ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমলে আইনমন্ত্রীর দায়িত্বপালন করেন। তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন না। ফলে তিনি টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন।
১৯৩৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করা শফিক আহমেদ ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএমএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।
পেশা জীবনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বপালন করেছিলেন।
মৃত্যুকালে তিনি দুই দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
-পতাকানিউজ

