২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার, ৩১ মার্চ বিচারক মহিদুল হক আনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সোমবার, ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বেলা ১২টায় আব্দুল জলিল মন্ডলকে ট্রাইব্যুনালে হাজির করে গোয়েন্দা পুলিশ।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার সময় আব্দুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন। এছাড়া তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।
শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের ঘটনায় গত বছরের ৫ মে আব্দুল জলিল মন্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। জলিল মন্ডল এ মামলা দুই নম্বর আসামি।
এ মামলায় আব্দুল জলিল মণ্ডল ছাড়াও বর্তমানে আরও পাঁচজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।
পতাকানিউজ/আরবি

