নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার, ২৮ জুলাই ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় দেন।
দুদকের কৌঁসুলি আবুল কালাম আজাদ সাজার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ সকাল সাড়ে ৯টায় এস কে সুরকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পৌনে ১১টায় তাকে এজলাসে তোলা হয়, রাখা হয় আসামির কাঠগড়ায়। পরে রায় ঘোষণা করে আদালত।
পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গেল ১৫ জুলাই মামলার রায়ের দিন ঠিক করা হয়।
সেদিন যুক্তিতর্ক তুলে ধরে আসামির সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ডের আর্জি জানিয়েছিলেন দুদকের কৌঁসুলি আবুল কালাম আজাদ। আর আসামির খালাস চান তার আইনজীবী সরোজ কুমার হাওলাদার।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর চৌধুরীকে নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস জানাতে দুদক নোটিশ দেয়। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে মামলার ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর আজ, মঙ্গলবার রায় ঘোষণা করা হল।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
পতাকানিউজ/আরবি

