দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও আগুন দেওয়া হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় খালিদ মাহমুদ চৌধুরীর গ্রামের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় সেতাবগঞ্জ পৌর এলাকায় সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দুই বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে জানতে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

