বাংলাদেশের সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার, ২ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা জারি করা বাকিরা হলেন-রাজউকের সাবেক সদস্য নাজমুল হাই, আ ই ম গোলাম কিবরিয়া, মো. আবু বক্কার সিকদার, মো আনোয়ারুল ইসলাম সিকদার, আক্তার হোসেন ভূঁইয়া ও এম মাহবুবুল আলম।
দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
দুদকের সহকারী পরিচালক জনসংযোগ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তারা পরস্পর যোগসাজশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ক্ষমতা না থাকা সত্ত্বেও নিজেরা লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে তাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেছেন। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নামে একটি প্লট বরাদ্দ হয়। ওই প্লট আবার বাতিল করা হয়। তার নামে বরাদ্দ বাতিলকৃত প্লটের বরাদ্দ আবার দেয়া হয়। কিন্তু প্লট বরাদ্দ সংক্রান্ত শর্ত ভঙ্গ করে সুদ বাবদ ধার্য করা ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকা মওকুফ করা হয়। সুদ মওকুফ করা সরকারের ক্ষতি সাধন করা। আর এ ক্ষতিসাধন করার জন্য সাবেক প্রধান বিচারপতিসহ অন্যদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে দুদক।
মামলা তদন্তকালে দুদক জানতে পারে যে, অভিযুক্তরা দেশছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এজন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন।
প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক কারাগারে রয়েছেন।
পতাকানিউজ/এএ/আরবি

