সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ ও ফ্ল্যাটে রক্ষিত মালামালের তালিকা করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার, ২৯ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের গণসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতের গত ১২ জানুয়ারির আদেশ অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাট সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালককে (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) ‘রিসিভার’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় রিসিভারের কার্যক্রম শুরু করা বা সেগুলো ভাড়া দেয়ার উপযোগী করা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে ফ্ল্যাট দুটি দখলে নেয়া, রিসিভারের প্রবেশ নিশ্চিত করা এবং ভেতরে থাকা মালামালের ইনভেন্টরি (তালিকা) তৈরির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রয়োজন।
মূলত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে কোনো বাধা ছাড়াই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এ আবেদন করা হয়েছে।
পতাকানিউজ/এএ/আরবি

