ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ জারি করে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের সরকারি পরিচালক মো. ফেরদৌস রহমান এ বিষয়ে আদালতে আবেদন করেন।
আদালতের আদেশে বলা হয়েছে, প্রিমিয়াম ব্যাংক পিএলসিতে থাকা একটি হিসাবে ১৭ লাখ ৮১ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের হিসাবে ২ হাজার ২৪২ টাকা এবং প্রাইম ব্যাংক পিএলসিতে থাকা একটি হিসাবে ৭ হাজার ৬৪৯ টাকা স্থিতি রয়েছে—এই তিনটি হিসাব অবরুদ্ধ থাকবে।
দুদকের আবেদনে বলা হয়, শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি নিজের জ্ঞাত আয় উৎসের বাইরে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
এ ছাড়া তাঁর ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৪৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে বলে দুদক জানায়। এসব অর্থ আত্মসাৎ, হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগে এরই মধ্যে একটি মামলা দায়ের করেছে সংস্থাটি।
তদন্তে দুদক জানায়, এখন পর্যন্ত শেখ ফজলে নূর তাপসের সব সম্পদ শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাঁর নামে তিনটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। তদন্ত সূত্রে আরও জানা গেছে, তিনি তাঁর নামে থাকা অস্থাবর সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ফলে মামলার নিষ্পত্তির আগে সম্পদ স্থানান্তরিত হয়ে গেলে রাষ্ট্রীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আদালতের কাছে হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর একই আদালত শেখ ফজলে নূর তাপসের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
পতাকানিউজ/এনটি

