জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, তাঁর স্ত্রী মেহের নিগার, মেয়ে সোহেলী নাজমিন তানিয়া এবং ছেলে মেহেরাজ আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক মো. শফিউল্লাহ আদালতে আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালের নির্বাচনে জমা দেওয়া হলফনামায় সামছুল আলম দুদু তাঁর মোট সম্পদের পরিমাণ দেখান ২০ লাখ ২৮ হাজার টাকা। তবে বর্তমানে তাঁর নামে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক একটি অনুসন্ধান টিম গঠন করেছে।
অনুসন্ধান চলাকালে জানা গেছে, সংসদ সদস্য থাকাকালীন দুদু নিজের এবং তাঁর ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং এসব সম্পদ মানি লন্ডারিংয়ের মাধ্যমে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিচ্ছেন।
দুদকের আবেদনে আরও বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।
পতাকানিউজ/এনটি

