কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে একদিনে ১২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
বিষয়টি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদুল খালিদ।
তিনি জানান, রাজধানীর রমনা, মিরপুর, ধোলাইপাড়, পল্লবী ও কমলাপুরসহ অন্তত পাঁচ স্থানে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে রমনা থানার সামনে পুলিশের গাড়িতে দুপুরে আগুন লাগে, যা দুর্ঘটনা বলে দাবি করেছে পুলিশ। বিকেলে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ও রাতে পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। কমলাপুরে লেগুনা এবং ধোলাইপাড়ে একটি বাসেও আগুন লাগে।
রাজধানীর বাইরে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরেও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত বাসে, মুন্সিগঞ্জে আকিজ পেপার মিলের সামনে একটি ট্রাকে, গোপালগঞ্জে গণপূর্ত অফিসের পাশে একটি পিকআপ ও পাজেরো জিপে, শরীয়তপুরে নাওডোবা গোলচত্বরে এবং মাদারীপুরের শিবচরে চিনিবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
অন্যদিকে, বুধবার সন্ধ্যার পর ঢাকায় ট্রেন ও বাসে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
‘লকডাউন’ ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে প্রায় ১৭ হাজার পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
পতাকানিউজ/এআই

