সারাদেশে একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আজ বুধবার মন্ত্রণালয় থেকে এই ব্যাপক রদবদলের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি পদে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে
অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন,
যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৯৪ জন,
আর সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।
বদলীকৃত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান দায়িত্বভার হস্তান্তর এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরপ্রধানরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি কিংবা বিদেশে ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে ফিরে দায়িত্ব হস্তান্তর করে দ্রুত পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
পতাকানিউজ/এআই

