বগুড়ার সারিয়াকান্দিতে দুপক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার, ৩ জুলাই সকাল ১০টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিটন সাকিদার একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে একই গ্রামের খাজা প্রামাণিকের (৬০) দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। এ বিষয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। জমি দখলকে কেন্দ্র করে সকালে নালিশী জমিতে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে ঘটনাস্থলেই উভয়পক্ষের ৯ জন আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। আহতদের মধ্যে মাঝবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে লিটন সাকিদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টায় তার মৃত্যু হয়। এছাড়া আহত রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

