ঢালিউডের প্রথম সুপার স্টার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মুহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার আসামি খলনায়ক আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার, ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ঢাকা মেট্রোর (পশ্চিম) বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজির। তিনি বলেন, ‘আমরা ডনকে এনেছি। এই বিষয় বিস্তারিত পরে জানাব।’
সিআইডি জানিয়েছে, ডন সৌদি আরবে ওমরা হজ করতে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছে চিত্রনায়কের পরিবার।
পতাকানিউজ/আরবি

