জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। বুধবার, ১২ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
ডনের ইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন জামিন আবেদনের ওপর শুনানি করেন। শুনানিতে আইনজীবীরা বলেন, ডনের বিরুদ্ধে এজাহার এবং পুলিশ প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে কয়েকবার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। দীর্ঘদিন পর নতুন করে এই মামলা শুরু হয়েছে। মামলায় ডন কি করেছেন সে সম্পর্কে কোন কিছু উল্লেখ নেই। তাকে জামিন দিলে তিনি জামিনের অপব্যবহার করবেন না।
রাষ্ট্র পক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, ডন সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে পাওয়া যাচ্ছে। তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। জামিন দিলে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ৯ আগস্ট এ মামলায় ডনকে কারাগারে পাঠানো হয়। এর আগে ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬ টায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ওমরাহ হজ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। খবর পেয়ে সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডি সালমান শাহ হত্যা মামলা তদন্ত করছে।
প্রসঙ্গত, রমনা থানায় মামলার পর গত বছর ২৭ অক্টোবর সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
পতাকানিউজ/এএ/আরবি

