জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এ তারিখ নির্ধারণ করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলাটি করা হয়। মামলাটি করেন তার মামা মোহাম্মদ আলমগীর। এজাহারে ১১ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ওরফে ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।
এর আগে, গত বছর ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সালমান শাহর মৃত্যুর পর প্রায় ২৯ বছর ধরে রমনা থানায় হওয়া অপমৃত্যু মামলাটির তদন্ত চলে। পুলিশের বিভিন্ন সংস্থা একের পর এক তদন্ত করে প্রতিবারই তার মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। এ নিয়ে বাদীপক্ষ বিভিন্ন আদালতে আইনি লড়াই চালায়।
উল্লেখ্য, রমনা থানায় হত্যা মামলা দায়েরের পর গত বছর ২৭ অক্টোবর সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরে ডনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পতাকানিউজ/এএ

