সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছে শুক্রবার। আজ শনিবার চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এসেছে আরো ৩৪ হাজার টন ডিজেল। দুই দিনে চট্টগ্রামে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থেকে ৬১ হাজার টন ডিজেল এলো।
বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৫ হাজার টন ডিজেলের চাহিদা আছে। সেই হিসেবে ৪ দিনের চাহিদা পূরণ সম্ভব সিঙ্গাপুর-মালয়েশিয়া থেকে আসা দুটি জাহাজের ডিজেল দিয়ে। সাধারণত বাংলাদেশে ২ লাখ টন ডিজেল মজুদ থাকে। যা দিয়ে ১৫ দিনের চাহিদা পূরণ করে বিপিসি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছে অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’। আগের দিন শুক্রবার ট্যাংকারটি কুতুবদিয়া বর্হিনোঙরে পৌঁছে এরপর রাতেই সেটি চট্টগ্রাম বন্দরে আনা হয় বলে নিশ্চিত করেছে জাহাজটি স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।
আগের দিন সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ।
এর আগে মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ এসেছিল। এর মধ্যে ১৫ টি জাহাজে ছিল জ্বালানি তেল। ৮টিতে এলএনজি এবং ৯টিতে ছিল এলপিজি।
-পতাকানিউজ

