নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন। ২৩৮.৪৬ স্ট্রাইক রেটের এই ঝড়ো ইনিংস দিয়ে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন তিনি। দলের প্রয়োজনে ভবিষ্যতেও এমন আগ্রাসী ক্রিকেট ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন এই তরুণ ব্যাটার।
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচে না হারলেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।
সিরিজের শেষ ম্যাচেও ব্যাট হাতে আবারও জ্বলে উঠতে চান শামীম। নিজের ব্যাটিং দর্শন তুলে ধরে তিনি বলেন, ‘আমি যখনই ব্যাটিংয়ে নামি, ইতিবাচক চিন্তা নিয়েই খেলতে নামি। ইনিংসের শুরু থেকেই মারতে শুরু করব। আমি যদি আক্রমণাত্মক খেলতে পারি, সেটা দলের জন্য অনেক ভালো হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি সব সময়ই আক্রমণাত্মক খেলার কথা চিন্তা করি। টি-টোয়েন্টিতে সবসময় এভাবেই খেলার চিন্তা করি।’
প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ছিল ১৮৩ রানের লক্ষ্য। তবে জবাবে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয় ২৮ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। এরপর পঞ্চম উইকেটে হৃদয়ের সঙ্গে ২১ বলে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন শামীম হোসেন।
সে ম্যাচে ইমন ১৪ বলে ২৮, হৃদয় ২৭ বলে ৫১ রান করেন। আর শামীম ৩টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩১ রান করে দলের জয়ে শেষ ছোঁয়া দেন।
এই ইনিংসে একটি বিশেষ শট নিয়ে আলোচনার ঝড় ওঠে -‘নো লুক শট’ খেলে উইকেটের পেছন দিয়ে ছক্কা হাঁকান শামীম। নিজের সেই শট নিয়ে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে শটটার নাম আমি জানি না। আর এটা আমি সব সময় নেটে অনুশীলন করি। কারণ যখন ব্যাটিংয়ে নামি, তখন ইম্প্রোভাইজ শট খেলতে খুব পছন্দ করি। ম্যাচে যেভাবে ব্যাটিং করি, সেই ইনটেন্ট ধরে রাখার জন্য অনুশীলনেও এভাবেই খেলি।’
শামীমের এই আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে নিউজিল্যান্ড শিবিরেরও। তাই সিরিজের শেষ ম্যাচে তাকে ঘিরে আলাদা পরিকল্পনা সাজিয়েছে কিউইরা। দলের ব্যাটার ডিন ফক্সক্রফট বলেন, ‘সে দারুণ ইনিংস খেলেছে। বিশেষ করে শেষ দিকে আমাদের ডেথ বোলারদের ওপর চাপে ফেলেছে। আমাদের অনেকেই আগে তার বিপক্ষে খেলেনি। আমরা তাকে নিয়ে পরিকল্পনা করেছি। আশা করছি, কাল শামীমের বিরুদ্ধে ভালো পরিকল্পনা করতে পারব।’
সব দিক বিবেচনায় সিরিজ নির্ধারণী ম্যাচটি ঘিরে উত্তেজনা বাড়ছে। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। জয় বা ড্র-যেকোনো ফলই বাংলাদেশকে এনে দিতে পারে সিরিজ, আর সেই লক্ষ্যে আবারও আক্রমণাত্মক শামীম হোসেনের দিকে তাকিয়ে থাকবে টাইগাররা।
-পতাকানিউজ

