হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার, ২ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আরও কত সময় লাগতে পারে তাও সঠিক বলতে পারেননি মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম।
তিনি বলেন, ‘রাত আড়াটায় উদ্ধারকারী ট্রেন এসেছে। রেললাইন থেকে উল্টে যাওয়া ৫টি বগির মধ্যে ইতিমধ্যে ২টি বগি উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার, ১ এপ্রিল রাত পৌনে ১০টায় ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বিকট শব্দে তেলবাহি ট্রেনটি ৫টি বগি নিয়ে লাইনচ্যুত হলে কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত পৌনে ১০টায় মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ৫টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।’
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার লিটন কুমার চন্দ্র দেব বলেন, ‘উদ্ধার কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।’
পতাকানিউজ/এসসি/আরবি

