সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন। প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ নামের যুবক (২৬) মারা যান। নিহত মাহফুজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচিশেউড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার, ২৫ নভেম্বর সকাল সাড়ে ৭টায় নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে লাক্কাতুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। এছাড়া তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ জানায়, আজ সকালে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে একটি প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাহফুজ নামে যুবককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুইটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।
ওসি মো. মঈন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
পতাকানিউজ/এএইচ

