সিলেটে সিটি করপোরেশনের সাড়ে ৭ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, চাঁদনি ঘাটে ও সুরমা নদীর দুপাড়ের সৌন্দর্যবর্ধন এ প্রকল্পের অন্তর্ভুক্ত।
শনিবার, ২ মে সেকাল ১১টায় চাঁদনি ঘাটে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।
এর আগে আজ সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইেন্সে সিলেটের উদ্দেশে রওনা হন। পরে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ কর্মকর্তারা।
এদিকে শনিবার সকাল থেকেই সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির মধ্যেই বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।
মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল সাড়ে ১০টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অপরদিকে আজ দুপুরে কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ নতুন কুড়িঁ স্পোর্টস এর উদ্বোধন করবেন। পরে শিল্পকলা একাডেমিতে এক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরের দিন ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রসা মাঠ থেকে এয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তিনি।
পতাকানিউজ/আরবি

