চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলাকাটা অবস্থায় উদ্ধার করা ৭ বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে। মঙ্গলবার, ৩ মার্চ ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়।
আজ, মঙ্গলবার ইরার চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভাতিজিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দেয়।
এর আগে গত রবিবার চমেক হাসপাতালে ইরার গলার অস্ত্রপচার করা হয়। পরদিন সোমবার তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেয়া হয়। সেখানে আজ সে মারা যায়।
গত রবিবার, ১ মার্চ সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করেন।
প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রবিবার সকাল ১০টায় বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার আরও ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলা কাটা অবস্থায় পড়ে ছিল। সেখানে সড়ক সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় গত ১ মার্চ রাতে শিশুর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
পতাকানিউজ/আরবি

