চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলাকাটা অবস্থায় উদ্ধার করা ৭ বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা মারা যাওয়ার ঘটনায় মো. বাবু শেখ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার, ৩ মার্চ দুপুর ২টা ১০ মিনিটে কুমিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
নিহত শিশু জান্নাতুল নাইমা ইরার বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকার মাস্টারপাড়া গ্রামে। তার বাবার নাম মনিরুল ইসলাম।
আজ ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ইরার চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রবিবার, ১ মার্চ সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রবিবার সকাল ১০টায় বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার আরও ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলা কাটা অবস্থায় পড়ে ছিল। সেখানে সড়ক সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় গত ১ মার্চ রাতে শিশুর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
পতাকানিউজ/আরবি

