চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার কদম রসূল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসূল হকের ছেলে মো. ইজাজুল হক (২৪) ও ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকার সালে জহুরের ছেলে মো. শাহ নেওয়াজ রাফি।
জানা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার অপরাধে তাদের আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ওই দুজন সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন পালন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেয়। ভিডিওতে দেখা যায় সংঘবদ্ধভাবে ১১ জনের একটি দল জন্মদিন পালন করছে এবং ‘জয় বাংলা’ বলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, আটক ওই দুই যুবক নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের পোস্টের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পতাকানিউজ/এমএম

